Image

‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 51 মিনিট আগেআপডেট: 1 সেকেন্ড আগে
‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি

‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি

‘আমরাই চ্যাম্পিয়ন, হয়তো এখন বিশ্বের সেরা দলও’—বার্সাকে হারিয়ে হাকিমি

ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনাকেও ৪-২ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে পিএসজি। ইউরোপসেরাদের মঞ্চে এমন দাপুটে জয়ের পর আশরাফ হাকিমির বিশ্বাস, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা দল তাঁরাই। এবার লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখা।

ইউরোপীয় ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের দাবি আরও জোরালো করল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর এবার একই ব্যবধানে বার্সেলোনাকে পরাজিত করেছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা কাতালানদের হারিয়ে তাই উচ্ছ্বাস লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

বার্সেলোনার বিপক্ষে জয়টি পিএসজির কাছে কেবল তিন পয়েন্ট অর্জনের বিষয় ছিল না। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে নিজেদের শক্তির তুলনায় কোথায় দাঁড়িয়ে আছে, সেটিও প্রমাণের সুযোগ ছিল। ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনাকে হারিয়ে সেই বার্তাই দিয়েছে লুইস এনরিকের দল।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

কঠিন লড়াইয়ে পিএসজির আত্মবিশ্বাস

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না পিএসজির জন্য। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে, আর ম্যাচে দুবার ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। পাল্টাপাল্টি আক্রমণে বারবার বদলেছে লড়াইয়ের গতি। তবে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পিএসজি।

ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চরিত্রের কথা উল্লেখ করে হাকিমি বলেন, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

পিএসজির গোল উদযাপন

লক্ষ্য আবারও চ্যাম্পিয়নস লিগ জয়

বার্সেলোনার বিপক্ষে জয়ের আনন্দে ভেসে গেলেও সামনে তাকিয়ে আছেন হাকিমি। এবারের মৌসুমে পিএসজির বড় লক্ষ্য আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। সেই স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হাকিমির ভাষায়, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’

দলের মধ্যে এই জয়ের মানসিকতা গড়ে তোলার জন্য কোচ লুইস এনরিকের ভূমিকাও তুলে ধরেছেন হাকিমি। তাঁর মতে, খেলোয়াড়দের প্রতিদিন নিজেদের সেরাটা দিতে এবং জয়ের ক্ষুধা ধরে রাখতে উদ্বুদ্ধ করেন স্প্যানিশ কোচ।

হাকিমি বলেন, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’

ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাস এখন পিএসজির তুঙ্গে। তবে হাকিমি জানেন, বড় দলের পরিচয় শুধু এক-দুটি জয় দিয়ে প্রতিষ্ঠিত হয় না। শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত এগিয়ে থাকতে হলে ধারাবাহিকতা ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three