Image

বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 33 সেকেন্ড আগে
বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর

বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর

বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে ৪২টি প্রশ্নের উত্তর চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপের স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের প্রক্রিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত—সব মিলিয়ে ফিফার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। উত্তর দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর।

গত ১৯ অক্টোবর উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার জেনারেল সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে একটি চিঠি পাঠান। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের হাতে আসা ওই চিঠিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ‘গুরুতর উদ্বেগের’ কথা তুলে ধরা হয়।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশ কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে ফিফা কাউন্সিলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই নেওয়া এই উদ্যোগ নিয়ে তীব্র আপত্তি জানায় উয়েফা। এমনকি ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল সংস্থাটি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, থ্রাইভ ক্যাপিটালকে কীভাবে একচেটিয়া সুবিধা দেওয়া হয়েছিল, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পটি প্রথম কবে এবং কার উদ্যোগে সামনে আসে—এসব বিষয়ে জানতে চেয়েছে উয়েফা। পরিকল্পনাটি কীভাবে তৈরি ও অনুমোদনের পর্যায়ে পৌঁছেছিল, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ব্যাপক বিরোধিতার মুখে ইনফান্তিনো ওই পরিকল্পনা থেকে সরে আসার আশ্বাস দিলে বয়কটের হুমকি প্রত্যাহার করে উয়েফা। তবে ফিফায় ইনফান্তিনোর নেতৃত্ব এবং ২০২৭ সালের নির্বাচনে তাঁর পুনর্নির্বাচনের প্রচেষ্টা নিয়ে সংস্থাটির আপত্তি এখনো রয়েছে।

বালোগানের লাল কার্ড ও ট্রাম্পকে শান্তি পুরস্কার

উয়েফার প্রশ্নের তালিকায় রয়েছে আরও দুটি বিতর্কিত বিষয়। সর্বশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের পেছনে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তা জানতে চেয়েছে সংস্থাটি। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় ইনফান্তিনোর কাছে কোনো দাবি জানানো হয়েছিল কি না, সে সম্পর্কেও প্রশ্ন রয়েছে।

এ ছাড়া ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু এবং সেটি ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, তা নিয়েও ব্যাখ্যা চেয়েছে উয়েফা। সংস্থাটির মূল উদ্বেগ শুধু নির্দিষ্ট কয়েকটি সিদ্ধান্ত নয়; বরং ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও।

২ নভেম্বরের মধ্যে লিখিত জবাব চায় উয়েফা

চিঠিতে উয়েফা জানিয়েছে, বৈঠকে প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর তারা প্রশ্ন ও তথ্যের একটি সমন্বিত তালিকা সংযুক্ত করেছে। প্রতিটি প্রশ্নের বাস্তবভিত্তিক লিখিত উত্তর এবং সংশ্লিষ্ট সহায়ক নথিপত্র আগামী সোমবার, ২ নভেম্বরের মধ্যে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের বৈঠকে বিশ্বকাপের স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে ক্ষমা চেয়েছিলেন ইনফান্তিনো। তবে পরিকল্পনাটি কীভাবে তৈরি হয়েছিল এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কারা যুক্ত ছিলেন, সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে প্রতিবেদনটি।

২০২৭ সালের নির্বাচনের আগে বাড়ছে চাপ

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফা কংগ্রেস, সেখানেই সভাপতি নির্বাচন হওয়ার কথা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বীর নাম সামনে আসেনি।

তবে নির্বাচন সামনে রেখে উয়েফার এই প্রশ্নমালা ইনফান্তিনোর নেতৃত্ব ও ফিফার সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে চাপ বাড়াতে পারে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব, মাঠের শাস্তিমূলক সিদ্ধান্ত এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে পুরস্কৃত করার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে ফিফাকে এখন লিখিত ব্যাখ্যা দিতে হবে।

৪২টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাতে সময় মাত্র দুই সপ্তাহ। ২ নভেম্বরের মধ্যে ফিফা কী ব্যাখ্যা দেয়, সেটিই এখন ফুটবল প্রশাসনের অন্যতম আলোচিত বিষয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three