‘পেড্ডি’ বিতর্কে দায় স্বীকার জাহ্নবীর, বললেন—‘আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম’

‘পেড্ডি’ বিতর্কে দায় স্বীকার জাহ্নবীর, বললেন—‘আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম’
‘পেড্ডি’ বিতর্কে দায় স্বীকার জাহ্নবীর, বললেন—‘আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম’
দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন এবং কিছু দৃশ্যের মাধ্যমে নারীর অবমাননা ও যৌন সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্কে নিজের ভূমিকার দায় স্বীকার করে অভিনেত্রী জানিয়েছেন, দৃশ্যগুলো নিয়ে আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তাঁর।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জাহ্নবী। সেখানেই আলোচনায় আসে ‘পেড্ডি’ বিতর্ক। করণ জানতে চান, সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে সমালোচনা শুরু হওয়ার সময় জাহ্নবী কেন সেগুলো ঠেকানোর চেষ্টা করেননি এবং পুরো ঘটনাটি তাঁকে কীভাবে প্রভাবিত করেছে।
জবাবে জাহ্নবী জানান, সিনেমাটির পেছনে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি। তবে চরিত্রটির উপস্থাপন সমাজে, বিশেষ করে নারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে—এ বিষয়টি তাঁকে গভীরভাবে ভাবিয়েছে।
অভিনেত্রীর ভাষায়, ‘এই ঘটনার ক্ষেত্রে আমার নিজের দায়টুকু স্বীকার করা জরুরি। এ ধরনের উপস্থাপন সমাজে, বিশেষ করে আমার লিঙ্গের মানুষের ওপর যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা আমাকে গভীরভাবে ভাবায়। এই লজ্জা আমাকে সব সময় বয়ে বেড়াতে হবে।’
‘আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম’
নিজের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করতে গিয়ে জাহ্নবী স্বীকার করেন, পরিস্থিতি সামাল দিতে তিনি আরও সক্রিয় হতে পারতেন। তাঁর কথায়, ‘আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারতাম? অবশ্যই পারতাম, শতভাগ।’
সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে ওঠা সমালোচনার যৌক্তিকতাও স্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা কি সমস্যাজনক ছিল? নারীর চরম অবমাননা ছিল? এমনকি গল্পের মধ্য দিয়ে যৌন সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল? হ্যাঁ।’
ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই এখন তাঁর লক্ষ্য বলে জানান জাহ্নবী।
পরিচালকের নির্দেশ ও পেশাদারত্বের চাপ
আলোচনায় শুটিংয়ের সময় একজন অভিনেতার সিদ্ধান্ত নেওয়ার সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন জাহ্নবী। তাঁর মতে, অনেক সময় পরিচালকের নির্দেশ মেনে চলাকে পেশাদারত্বের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ফলে কোনো দৃশ্য নিয়ে আপত্তি থাকলেও সেটি প্রকাশ করা কঠিন হয়ে উঠতে পারে।
জাহ্নবী বলেন, ‘পরিচালক যা বলেন, অনেক সময় মনে হয় পেশাদার থাকতে হলে সেটাই মেনে চলতে হবে। পরিচালকের কথা শুনতে হবে।’
চিত্রনাট্য পড়ার সময়ও সব দৃশ্য পর্দায় ঠিক কীভাবে উপস্থাপিত হবে, তা সব সময় স্পষ্ট বোঝা যায় না বলে জানান তিনি। ক্যামেরার কোণ, দৃশ্য ধারণের ধরন এবং চূড়ান্ত সম্পাদনার পর কোনো দৃশ্যের প্রভাব কেমন হবে, তা আগে থেকে পুরোপুরি অনুমান করা কঠিন। পরিস্থিতি সম্পর্কে যতটুকু বুঝতে পেরেছিলেন, সেই অনুযায়ী দৃশ্যগুলোকে কম সমস্যাজনক করার চেষ্টা করেছিলেন বলেও জানান অভিনেত্রী। তবে এসব ব্যাখ্যা দিয়ে নিজের দায় এড়িয়ে যেতে চান না তিনি।
‘আমার সুবিধাজনক অবস্থান কাজে লাগানো উচিত ছিল’
বিতর্কের প্রসঙ্গে নিজের পারিবারিক ও সামাজিক অবস্থান নিয়েও কথা বলেছেন জাহ্নবী। তাঁর মতে, সমাজে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকার কারণে অনেকের চেয়ে তাঁর প্রতিবাদ করার সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগানো উচিত ছিল তাঁর।
জাহ্নবীর কথায়, ‘আমি এমন একটি অবস্থান থেকে এসেছি, যেখানে আমার অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধা আমার কাজে লাগানো উচিত ছিল। কারণ, সুবিধাজনক হওয়ার জন্য এমনিতেই আমাকে সমালোচনার মুখে পড়তে হবে। তাহলে সেই অবস্থানকেই কাজে লাগানো উচিত ছিল।’
কী নিয়ে বিতর্ক ‘পেড্ডি’?
পরিচালক বুচি বাবু সানার সিনেমা ‘পেড্ডি’তে রাম চরণের সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। ছবিতে তাঁর অভিনীত অচিয়াম্মা চরিত্রের উপস্থাপন নিয়ে আপত্তি জানান দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, চরিত্রটিকে এমনভাবে দেখানো হয়েছে, যা নারীকে যৌন আবেদননির্ভর দৃষ্টিতে উপস্থাপন করে। কিছু দৃশ্যের মাধ্যমে যৌন সহিংসতাকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করে তোলার অভিযোগও ওঠে।
বিতর্কের পর পরিচালক বুচি বাবু সানা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নারী চরিত্রকে অসম্মান বা অবমাননা করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না বলেও তিনি জানান। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সংস্করণ থেকে বিতর্কিত দৃশ্য বাদ দেওয়া বা সম্পাদনার মাধ্যমে পরিবর্তন আনার কথাও উঠে এসেছে।
‘পেড্ডি’ বিতর্ক নিয়ে জাহ্নবীর এই বক্তব্য নিজের কাজের সামাজিক প্রভাব এবং চলচ্চিত্র নির্মাণের সময় অভিনেতাদের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।















