Image

নাইট ক্লাব-কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স, হতে পারে নিষেধাজ্ঞাও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
নাইট ক্লাব-কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স, হতে পারে নিষেধাজ্ঞাও

নাইট ক্লাব-কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স, হতে পারে নিষেধাজ্ঞাও

নাইট ক্লাব-কাণ্ডে অভিযুক্ত ব্রাইডন কার্স, হতে পারে নিষেধাজ্ঞাও

ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ৩১ বছর বয়সী এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা তদারকির দায়িত্বে থাকা ক্রিকেট রেগুলেটর।

কার্সের বিরুদ্ধে আচরণবিধির৩.২ ধারাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি এখন স্বাধীন ডিসিপ্লিন প্যানেলের কাছে পাঠানো হবে। ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়েছে, প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

কী ঘটেছিল সেই রাতে?

গত ২৩ আগস্ট ডারহামের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জয়ের পর সতীর্থদের সঙ্গে ডার্বির একটি নাইট ক্লাবে যান কার্স। সেখানেই ঘটে বিপত্তি।

মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কার্সকে হাতকড়া পরিয়ে নাইট ক্লাব থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে তাঁর সতীর্থ বেন স্টোকস ও ম্যাথু পটসকেও দেখা যায়।

পরে ডার্বিশায়ার পুলিশ ঘটনাটি তদন্ত করে। কার্সের বিরুদ্ধে হামলার একটি অভিযোগও খতিয়ে দেখা হয়েছিল। তবে গত মাসে সেই তদন্ত বন্ধ করে দেয় পুলিশ।

ক্যারিয়ারেও পড়েছে প্রভাব

নাইট ক্লাবের ঘটনার প্রভাব অবশ্য এর আগেই পড়েছিল কার্সের আন্তর্জাতিক ক্যারিয়ারে। পাকিস্তানের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর ইংল্যান্ডের আর কোনো স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

তবে ডারহামের হয়ে খেলেছেন কার্স। দলের দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই পেসার।

এর আগেও তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সর্বশেষ অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হারের পর কার্সকে অ্যাডিলেডে বাইরে দেখা গিয়েছিল। সেই সময় অধিনায়ক বেন স্টোকস খেলোয়াড়দের টিম হোটেলে থাকার নির্দেশ দিয়েছিলেন।

হ্যারি ব্রুকও বলেছিলেন, ‘কিছু সময় দূরে থাকা দরকার’

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ সাদা বলের সিরিজেও কার্স ছিলেন না। তাঁর অনুপস্থিতি নিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেছিলেন, কার্সের কিছু সময় দূরে থাকা প্রয়োজন ছিল এবং তিনি পর্দার আড়ালে কিছু বিষয় নিয়ে কাজ করছেন।

কার্সের বিরুদ্ধে এখন স্বাধীন ডিসিপ্লিন প্যানেলে শুনানি হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই শুনানি হতে পারে। এরপরই তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।

শাস্তির মাত্রা এখনো নিশ্চিত নয়। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পরিস্থিতি ও অভিযোগের নিষ্পত্তির ওপর ভিত্তি করে দীর্ঘ মেয়াদের নিষেধাজ্ঞা থেকে শুরু করে শুধু তিরস্কার—বিভিন্ন ধরনের শাস্তির সুযোগ রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three