Image

সোনা জয়ের প্রত্যাশা, ফিরতে হলো খালি হাতে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 মিনিট আগে
সোনা জয়ের প্রত্যাশা, ফিরতে হলো খালি হাতে

সোনা জয়ের প্রত্যাশা, ফিরতে হলো খালি হাতে

সোনা জয়ের প্রত্যাশা, ফিরতে হলো খালি হাতে

আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। অথচ ফিরতে হচ্ছে পদকশূন্য হাতে। এশিয়ান গেমসে আগের তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার অংশ নিয়েই এসেছিল সোনার সাফল্য।

কিন্তু এবার সেই ধারাবাহিকতা ধরে রাখা গেল না। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় সারির দল নিয়ে আসা শ্রীলঙ্কার কাছেই বাংলাদেশ হেরেছে ৬৩ রানে।

এই হারের পর এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। জাপানে সংবাদমাধ্যমকে তিনি বলেন,‘আমরা আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে করি আমরা ব্যর্থ হয়েছি। জাতির কাছে যে প্রত্যাশার কথা জানিয়েছিলাম, আমরা সেটার কিছুই করতে পারিনি। খুবই হতাশাজনক। আমরা লজ্জিত এবং পুরো জাতির কাছে ক্ষমাপ্রার্থী।’

শেষ ১০ ওভারে ম্যাচ হাতছাড়া

টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ছিল মাত্র ৫১। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।

শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে ১৬৫ রান তুলে নেয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

সালাহউদ্দীনের মতে, মূল বোলারদের কয়েকটি খারাপ ওভারই ম্যাচের গতিপথ বদলে দেয়।

‘আমি বলব আজকে যে উইকেটটা ছিল, বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষত মূল বোলার যারা আছে, যারা টি-টুয়েন্টি স্পেশালিস্ট, তারাই হয়তো বেশি রান দিয়ে দিয়েছে,’বলেন বাংলাদেশ কোচ।

টপ অর্ডারের ব্যর্থতায় ধস

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান, সাইফ হাসান ও লিটন দাস—টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই ফেরেন শূন্য রানে।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ৯ নম্বরে ব্যাট করতে নামা নাসুম আহমেদের ২৬ রান দলকে কোনোভাবে ১০০ পার করালেও শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

সালাহউদ্দীনও ব্যাটিংয়ের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষায়,‘ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে ওখান থেকে আসলে ম্যাচটা জেতা সম্ভব ছিল না।’

ব্যর্থতার দায় নিলেন লিটন

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক লিটন দাস। ব্যর্থতার দায় পুরো দলের ওপরই দিয়েছেন তিনি।

লিটন বলেন,‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা আসলে এটা কীভাবে পার করা যায়, সেই চেষ্টা করব। সত্যি বলতে আমরা পুরো দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’

সোনা জয়ের লক্ষ্য নিয়ে জাপানে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত কোনো পদকই পেল না। আগের তিন আসরে অন্তত একটি পদক নিয়ে ফেরা দলের জন্য এবারের এশিয়ান গেমস তাই হয়ে রইল বড় এক হতাশার অধ্যায়।

 
Details Bottom
Details ad One
Details Two
Details Three