তুরস্ককে হারিয়ে জোড়া গোল ডি ব্রুইনার, ২০০ গোলের মাইলফলক পেরিয়ে ২০১

তুরস্ককে হারিয়ে জোড়া গোল ডি ব্রুইনার, ২০০ গোলের মাইলফলক পেরিয়ে ২০১
তুরস্ককে হারিয়ে জোড়া গোল ডি ব্রুইনার, ২০০ গোলের মাইলফলক পেরিয়ে ২০১
বয়স ৩৫। ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। আগের মতো পুরো ৯০ মিনিট মাঝমাঠে দাপট দেখানো কঠিন হলেও নিজের দিনে যে এখনো কতটা ভয়ংকর, সেটিই আবারও দেখালেন বেলজিয়ামের এই অভিজ্ঞ মিডফিল্ডার।
ঘরের মাঠ মরিস দ্যুফ্রাসনে স্টেডিয়ামে তুরস্ককে ৩-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন ডি ব্রুইনা। শুধু দলকে বড় জয়ই এনে দেননি, ব্যক্তিগত ক্যারিয়ারেও যোগ করেছেন দারুণ এক মাইলফলক।
ম্যাচের প্রথমার্ধে সতীর্থের সঙ্গে ওয়ান-টু ওয়ান পাস খেলে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডি ব্রুইনা। এরপর তাঁর ট্রেডমার্ক নিচু শটে বল পাঠান জালে। সেই গোলেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেলজিয়ান তারকা।
তবে সেখানেই থামেননি তিনি। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইনা। ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ২০১-তে।
বেলজিয়ামের তৃতীয় গোলটি আসে অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকুর পা থেকে। ৭৬ মিনিটে বক্সের ভেতর থেকে আলতো টোকায় গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ৯৪তম গোল পূর্ণ করেন তিনি।
এরপর আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।
ডি ব্রুইনার জন্য ম্যাচটি তাই ছিল জোড়া আনন্দের—একদিকে তুরস্কের বিপক্ষে বড় জয়, অন্যদিকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০ গোলের মাইলফলক পেরিয়ে ২০১-তে পৌঁছানোর কীর্তি।













