Image

সুসময় ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 3 মিনিট আগে
সুসময় ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড

সুসময় ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড

সুসময় ফেরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড

কাইরন পোলার্ডের আইপিএল অধ্যায় পুরোপুরিই মুম্বাই ইন্ডিয়ান্সময়। খেলোয়াড় হিসেবে ১৩ মৌসুম কাটানোর পর গত তিন আসর কাজ করেছেন দলের ব্যাটিং কোচ হিসেবে। এবার সেই মুম্বাইতেই শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়। শীর্ষে থাকা থেকে সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো দলটিকে আবার সাফল্যের পথে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তির কাঁধে।

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পোলার্ড। চলতি মাসের শুরুতে মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে দেওয়ার পরই নতুন কোচের সন্ধানে নামে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ পর্যন্ত পরিচিত মুখ পোলার্ডের ওপরই আস্থা রাখল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

খেলোয়াড় থেকে কোচ—মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্ক

২০১০ সালে আইপিএলে অভিষেকের সময় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। ২০২২ সাল পর্যন্ত দলটির হয়ে নিয়মিত খেলেছেন তিনি। মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপা জয়ে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আইপিএলে মুম্বাইয়ের হয়ে পোলার্ড করেছেন ৩ হাজার ৪১২ রান, স্ট্রাইক রেট ১৪৭.৩২। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ২০২৩ আসর থেকে দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর পোলার্ড জানিয়েছেন, মুম্বাইয়ের সাফল্যের সময় আবার ফিরিয়ে আনাই তাঁর অন্যতম লক্ষ্য।

“মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য দারুণ সম্মানের। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ এই দল এবং এর সঙ্গে জড়িত মানুষদের ঘিরে। ক্রিকেটার ও দলের সবার সঙ্গে যে বন্ধন তৈরি হয়েছে, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

মুম্বাইয়ের অন্য দলগুলোর সঙ্গেও পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক শুধু আইপিএলেই সীমাবদ্ধ নয়। ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক টি-টোয়েন্টি নেটওয়ার্কের বিভিন্ন দলের হয়েও খেলেছেন তিনি।

মেজর লিগ ক্রিকেটের এমআই নিউ ইয়র্ক, এসএ২০-এর এমআই কেপ টাউন এবং আইএলটি২০-এর এমআই এমিরেটসের হয়ে মাঠে নেমেছেন পোলার্ড। দ্য হান্ড্রেডে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির দল এমআই লন্ডনের প্রধান কোচ হিসেবেও কাজ করছেন তিনি। এবার পেলেন তাঁর কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব।

‘পলি জানেন মুম্বাই ইন্ডিয়ান্স কী’

ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী নিতা আম্বানি মনে করেন, পোলার্ডের হাত ধরেই মুম্বাই আবার নিজেদের পরিচিত রূপ ফিরে পেতে পারে।

“২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। গত ১৬ বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে তিনি আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এবং কোচ হিসেবেও তাঁর অভিজ্ঞতা, আবেগ ও ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই জার্সির অর্থ কী এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে কী প্রয়োজন, পলি তা জানেন। আমি নিশ্চিত, নতুন ভূমিকাতেও তিনি একই নিষ্ঠা, বিশ্বাস ও সংকল্প নিয়ে কাজ করবেন।”

হারানো সাফল্য ফেরানোর চ্যালেঞ্জ

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের অন্যতম সফল দল হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সেই ধারাবাহিকতা আর নেই। গত ছয় আসরে ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে জায়গা করে নিলেও ২০২৪ সালে শেষ করেছিল দশম স্থানে। সর্বশেষ আসরে তাদের অবস্থান ছিল নবম।

ফলে পোলার্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলকে আবার শিরোপার দৌড়ে ফেরানো।

নতুন দায়িত্বে তাঁর প্রথম বড় কাজও খুব বেশি দূরে নয়। ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করতে হবে। এরপর প্রায় এক মাস পর গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের নিলাম।

পোলার্ড বলেন, “প্রথমে ক্রিকেটার এবং পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝি মুম্বাই ইন্ডিয়ান্স কিসের প্রতীক। নীল-সোনালি রঙের প্রতিনিধিত্ব করার সঙ্গে যে দায়িত্ব আসে, সেটিও আমি বুঝি। প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি।”

“দলের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের প্রতিভাদের বিকাশে সাহায্য করতে এবং দলকে উদযাপনের আরও অনেক কারণ এনে দিতে চাই।”

মুম্বাইয়ের সেই উদযাপনের দিনগুলোই গত কয়েক মৌসুমে যেন হারিয়ে গেছে। এবার পোলার্ডের হাত ধরে সেগুলো ফিরিয়ে আনার দায়িত্বই নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three