Image

যৌন ইঙ্গিত থেকে স্বজনপ্রীতি, ‘কফি উইথ করণ’-এর আলোচিত ৮ বিতর্ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যৌন ইঙ্গিত থেকে স্বজনপ্রীতি, ‘কফি উইথ করণ’-এর আলোচিত ৮ বিতর্ক

যৌন ইঙ্গিত থেকে স্বজনপ্রীতি, ‘কফি উইথ করণ’-এর আলোচিত ৮ বিতর্ক

যৌন ইঙ্গিত থেকে স্বজনপ্রীতি, ‘কফি উইথ করণ’-এর আলোচিত ৮ বিতর্ক

তারকাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ কিংবা বিতর্কিত মন্তব্য—সবকিছু নিয়েই খোলামেলা আড্ডার জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ‘কফি উইথ করণ’। করণ জোহরের এই জনপ্রিয় টক শোতে অনেক তারকা যেমন নিজেদের নানা অজানা দিক প্রকাশ করেছেন, তেমনি কিছু মন্তব্য তৈরি করেছে তীব্র বিতর্ক।

কখনো সাবেক প্রেমিককে নিয়ে মন্তব্য, কখনো স্বজনপ্রীতি নিয়ে সরাসরি আক্রমণ, আবার কখনো যৌন ইঙ্গিতপূর্ণ বক্তব্য—বছরের পর বছর ধরে অনুষ্ঠানের বেশ কিছু পর্ব বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল।

রণবীরকে নিয়ে দীপিকা-সোনমের খোঁচা

‘কফি উইথ করণ’-এর তৃতীয় মৌসুমের অন্যতম আলোচিত পর্বে অতিথি ছিলেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। আড্ডার বড় একটি অংশজুড়ে উঠে আসে দীপিকার সাবেক প্রেমিক রণবীর কাপুরের প্রসঙ্গ।

সোনম মন্তব্য করেছিলেন, রণবীরের একজন স্টাইলিস্ট প্রয়োজন। একই সঙ্গে প্রেমিক হিসেবে তিনি খুব ভালো নন, তবে বন্ধু হিসেবে ভালো—এমন ইঙ্গিতও দেন তিনি। দীপিকার অতীত সম্পর্কের প্রসঙ্গও আলোচনায় আসে।

রণবীরের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে এমন আলোচনা তখন বেশ বিতর্ক তৈরি করে। পরবর্তী সময়ে করণ জোহরও স্বীকার করেছিলেন, ওই পর্বে কিছু মন্তব্য সীমা ছাড়িয়ে গিয়েছিল।

করণের মুখের ওপর ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ কঙ্গনা

২০১৭ সালে ‘রেঙ্গুন’ সিনেমার প্রচারে করণের অনুষ্ঠানে এসেছিলেন কঙ্গনা রনৌত ও সাইফ আলী খান। সেখানেই করণকে সরাসরি ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ বলে মন্তব্য করেন কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ ছিল, বলিউডে তারকা সন্তানরা তুলনামূলকভাবে বেশি সুযোগ পান এবং বহিরাগতদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। করণ পরে তাঁর বক্তব্যের সমালোচনা করেন। এরপর বলিউডে স্বজনপ্রীতি নিয়ে কঙ্গনা-করণের বিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে।

একই বছর একটি পুরস্কার অনুষ্ঠানে করণ, সাইফ ও বরুণ ধাওয়ান স্বজনপ্রীতি নিয়ে মজা করায় নতুন করে সমালোচনা তৈরি হয়। পরে করণ এ নিয়ে দুঃখও প্রকাশ করেন।

‘কনডমের বিজ্ঞাপন করুক রণবীর’, দীপিকার মন্তব্য

রণবীর কাপুরকে ঘিরে আরেকটি বহুল আলোচিত ঘটনা ঘটে একই মৌসুমে। দ্রুত প্রশ্নোত্তর পর্বে করণ জোহর জানতে চান, রণবীর কোন পণ্যের বিজ্ঞাপন করলে ভালো হবে।

দীপিকার উত্তর ছিল—কনডমের বিজ্ঞাপন।

রণবীরের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর করা এই মন্তব্যকে অনেকেই সাবেক প্রেমিককে খোঁচা দেওয়ার চেষ্টা হিসেবে দেখেছিলেন। রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরও বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন বলে তখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে দীপিকা জানান, মন্তব্যটি তিনি মজা করেই করেছিলেন।

হার্দিক পান্ডিয়া-রাহুলের মন্তব্যে ক্রিকেটেও ঝড়

‘কফি উইথ করণ’-এর সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি আসে ২০১৯ সালে। ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের উপস্থিতির সেই পর্বে নারীদের নিয়ে তাঁদের কিছু মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়।

বিশেষ করে হার্দিকের মন্তব্যকে নারীবিদ্বেষী ও আপত্তিকর হিসেবে সমালোচনা করা হয়। তাঁর বক্তব্যের একটি অংশকে বর্ণবিদ্বেষী হিসেবেও সমালোচনা করা হয়েছিল।

বিতর্কের প্রভাব মাঠের বাইরেও পড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক কমিটি দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করে দেশে ফিরিয়ে আনে। পরে বিতর্কিত পর্বটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় এবং দুজনকেই জরিমানা করা হয়।

ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান হাশমি

২০১৪ সালে দ্রুত প্রশ্নোত্তর পর্বে ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম শুনে ইমরান হাশমি এক শব্দে উত্তর দিয়েছিলেন—‘প্লাস্টিক’।

ঐশ্বরিয়ার সৌন্দর্য ও চেহারা নিয়ে করা এই মন্তব্যকে অনেকেই অপমানজনক হিসেবে দেখেছিলেন। কয়েক বছর পর ঐশ্বরিয়া জানান, তাঁকে ‘ফেক’ বা ‘প্লাস্টিক’ বলা তাঁর সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্যগুলোর একটি।

পরে ইমরান হাশমিও মন্তব্যটির জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং জানান, মুহূর্তের উত্তেজনায় তিনি কথাটি বলে ফেলেছিলেন।

ভারতের রাষ্ট্রপতির নাম বলতে না পেরে মিমের শিকার আলিয়া

২০১৩ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সহশিল্পী বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন আলিয়া ভাট।

দ্রুত প্রশ্নোত্তর পর্বে তাঁকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হলে আলিয়া ভুল করে পৃথ্বীরাজ চৌহানের নাম বলেন। অথচ তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি।

ভুল উত্তরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আলিয়ার সাধারণ জ্ঞান নিয়ে তৈরি হয় অসংখ্য মিম। তবে বিষয়টি তিনি নিজেই হাস্যরসের সঙ্গে নিয়েছিলেন এবং পরে ‘জিনিয়াস অব দ্য ইয়ার’ নামের একটি ব্যঙ্গাত্মক ভিডিওতেও অংশ নেন।

কারিনার প্রশ্ন, প্রিয়াঙ্কার পাল্টা জবাব

কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে একসময় বলিউডে প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন ছিল। তৃতীয় মৌসুমে সাইফ আলী খানের সঙ্গে অনুষ্ঠানে এসে কারিনা প্রিয়াঙ্কার উচ্চারণ নিয়ে প্রশ্ন তোলেন।

পরে প্রিয়াঙ্কা যখন শহীদ কাপুরের সঙ্গে অনুষ্ঠানে আসেন, তখন তিনি পাল্টা জবাব দেন। কারিনার তৎকালীন প্রেমিক সাইফ আলী খান যেখান থেকে তাঁর উচ্চারণ পেয়েছেন, তিনিও সেখান থেকেই পেয়েছেন—এমন মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

দুই অভিনেত্রীর এই কথার লড়াই পরে অনুষ্ঠানটির অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

আনুশকাকে নিয়ে রণবীর সিংয়ের মন্তব্য

‘ব্যান্ড বাজা বারাত’-এর সাফল্যের পর রণবীর সিং ও আনুশকা শর্মা একসঙ্গে ‘কফি উইথ করণ’-এ হাজির হন। সেই পর্বে আনুশকাকে উদ্দেশ করে রণবীরের একটি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দর্শকদের একাংশের কাছে আপত্তিকর মনে হয়েছিল।

আনুশকা তাঁকে থামিয়ে দিয়ে এমনভাবে কথা না বলার অনুরোধ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ক্লিপটি আবার ছড়িয়ে পড়লে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।

‘আমি এখনো ভার্জিন’

২০১৩ সালে চতুর্থ মৌসুমের প্রথম পর্বে প্রথমবার করণের সোফায় বসেছিলেন সালমান খান। তাঁর বিয়ে না করা নিয়ে দীর্ঘদিনের কৌতূহলের মধ্যে করণের এক প্রশ্নের জবাবে সালমান বলেন, তিনি এখনো ভার্জিন।

সালমানের এই মন্তব্য দ্রুত সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা ও মিম ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণত খুব বেশি কথা না বলায় মন্তব্যটি বিশেষভাবে নজর কেড়েছিল।

‘কফি উইথ করণ’-এর এসব ঘটনা দেখিয়েছে, তারকাদের ঘিরে একটি বিনোদনমূলক আড্ডাও কখনো কখনো কীভাবে ব্যক্তিগত সম্পর্ক, স্বজনপ্রীতি, লিঙ্গবৈষম্য ও সামাজিক বিতর্কের বড় আলোচনায় পরিণত হতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three