রুটের কড়া বার্তা, ‘শতভাগ গ্রহণ করেছেন’ ইংলিশ ক্রিকেটাররা
- 1
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 2
মরিনিওর রিয়াল মাদ্রিদে ‘মধুচন্দ্রিমা’ শেষ? সাত ম্যাচে উঠে এসেছে একাধিক প্রশ্ন
- 3
মুশতাকের বিশ্বাস, ‘ভালো ক্রিকেট খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়?’
- 4
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 5
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল

রুটের কড়া বার্তা, ‘শতভাগ গ্রহণ করেছেন’ ইংলিশ ক্রিকেটাররা
রুটের কড়া বার্তা, ‘শতভাগ গ্রহণ করেছেন’ ইংলিশ ক্রিকেটাররা
মাঠের বাইরের আচরণ নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের কড়া বার্তা দলের সবাই ‘শতভাগ’ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পেসার জশ টাং। ব্রাইডন কার্সকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর ড্রেসিংরুমে রুটের খোলামেলা আলোচনা প্রয়োজন ছিল বলেও মনে করেন তিনি।
ইংল্যান্ডের ক্রিকেটে মাঠের বাইরের বিতর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বারবার সামনে আসায় দলের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠছে। সর্বশেষ ডার্বির একটি নাইটক্লাবের ঘটনার পর দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার ব্রাইডন কার্স। ঘটনাটি নিয়ে ক্রিকেট রেগুলেটর তদন্তও করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কার্সকে নাইটক্লাবের বাইরে পুলিশের হাতে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয় এবং পাকিস্তানের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে তাকে সরিয়ে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের জার্সির মর্যাদা বোঝালেন রুট
কার্সের ঘটনা সামনে আসার পর দলের ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন রুট। টাংয়ের ভাষ্য, ইংল্যান্ডের ক্রিকেটার হওয়ার অর্থ এবং জাতীয় দলের জার্সি পরার মর্যাদা নিয়ে রুটের বার্তা ছিল খুবই পরিষ্কার।
টাং বলেন, “এমন একটি আলোচনার প্রয়োজন ছিল। রুটের পক্ষ থেকে খুব ভালো একটি আলোচনা ছিল। ইংল্যান্ডের ক্রিকেটার হওয়ার অর্থ কী—এ বিষয়ে তার বার্তাটি ছিল খুবই পরিষ্কার। ইংল্যান্ডের জার্সি পরতে পারা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়।”
হাজারো দর্শকের সামনে ইংল্যান্ডের হয়ে খেলার গর্ব ও আনন্দ পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার দায়িত্বের কথাও সতীর্থদের মনে করিয়ে দেন রুট।
কারফিউ তুলে দিয়েও দায়িত্বশীলতার বার্তা
অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রুটের অন্যতম প্রথম সিদ্ধান্ত ছিল দলের মধ্যরাতের কারফিউ তুলে দেওয়া। তবে সেই স্বাধীনতার সঙ্গে খেলোয়াড়দের আরও পরিণত ও দায়িত্বশীল আচরণ করার প্রত্যাশাও জানিয়েছিলেন তিনি।
সাম্প্রতিক ঘটনাগুলোতে হতাশা প্রকাশ করে রুট বলেছেন, সমস্যাটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বারবার মাঠের বাইরের ভুল দলের মাঠের পারফরম্যান্স থেকেও মনোযোগ সরিয়ে দিচ্ছে। একই সঙ্গে ইংল্যান্ড দলের প্রতি হারানো আস্থা আবার অর্জনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
‘আলোচনা শেষ, এখন মনোযোগ ম্যাচে’
কার্সের ঘটনা নিয়ে ড্রেসিংরুমে রুট কীভাবে কথা বলেছেন, সেটিও তুলে ধরেছেন টাং।
তার ভাষায়, “ড্রেসিং রুমে তিনি আমাদের সবার সঙ্গেই সৎ ছিলেন। সরাসরি নিজের কথা বলেছেন। আর সেই আলোচনা শেষ হওয়ার পর থেকেই আমাদের সব মনোযোগ এখন আগামী পাঁচ দিনের ম্যাচের দিকে।”
রুটের বার্তা খেলোয়াড়দের কাছে ঠিকমতো পৌঁছেছে কি না জানতে চাইলে টাংয়ের উত্তর ছিল, “হ্যাঁ, শতভাগ। অতীতে যা ঘটেছে, সেটা অতীত। সেসব পেছনে ফেলে এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।”
প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। লর্ডসে বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে জিতলেই প্রায় দুই বছর পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ জয়ের সুযোগ পাবে ইংল্যান্ড।















