টেস্ট-টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই সেরাদের কাতারে হ্যারি ব্রুক
- 1
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 2
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 3
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 4
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 5
মুশতাকের বিশ্বাস, ‘ভালো ক্রিকেট খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়?’

টেস্ট-টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই সেরাদের কাতারে হ্যারি ব্রুক
টেস্ট-টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই সেরাদের কাতারে হ্যারি ব্রুক
বাংলায় বহুল প্রচলিত প্রবাদ—‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ অর্থাৎ, একই ব্যক্তি একাধিক কাজে দক্ষ। ক্রিকেটে সেই প্রবাদটির যেন বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন হ্যারি ব্রুক। টেস্টে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ইংলিশ ব্যাটসম্যান টি-টোয়েন্টিতেও আছেন সেরা দশে। দুই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে একসঙ্গে শীর্ষ দশে থাকা একমাত্র ক্রিকেটার এখন ব্রুক।
টেস্টে ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ব্রুক। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও তাঁর অবস্থান নবম। অথচ টেস্ট ও টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন দুই সংস্করণ—একটিতে ধৈর্য, মনোযোগ ও দীর্ঘ সময় ব্যাটিং করার দক্ষতা প্রয়োজন, অন্যটিতে কয়েক বলের মধ্যেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো আক্রমণাত্মক ব্যাটিং দরকার।
শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বেও সফল ব্রুক। ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর তাঁর নেতৃত্বে ২৬ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে দল। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও দারুণ পারফর্ম করেছেন তিনি। একটি সেঞ্চুরিসহ সিরিজে ১৭০ রান করে হয়েছেন সিরিজসেরা। তাঁর পারফরম্যান্সে ভর করে সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছে ইংল্যান্ড।
একই সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি—দুই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা অবশ্য একেবারে নতুন কোনো ঘটনা নয়। তবে ব্রুকের বিশেষত্ব হলো, তিনি শুধু দুই ফরম্যাটেই খেলছেন না, দুটিতেই নিয়মিতভাবে পারফর্ম করছেন।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্রুকের পর আছেন স্টিভ স্মিথ, জো রুট, ট্রাভিস হেড ও টেম্বা বাভুমা। তাঁদের মধ্যে হেড ছাড়া বাকিরা বর্তমানে টি-টোয়েন্টিতে খেলছেন না কিংবা এই সংস্করণে নির্বাচকদের বিবেচনায় নেই। আবার টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা ঈশান কিষান, অভিষেক শর্মা, সাহিবজাদা ফারহান, ফিল সল্ট ও ডেভাল্ড ব্রেভিস টেস্ট ক্রিকেটে নিয়মিত নন।
তাহলে ব্রুক কীভাবে দুই সংস্করণেই নিজেকে ধরে রেখেছেন? শ্রীলঙ্কা সিরিজ শেষে সংবাদ সম্মেলনে নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ অধিনায়ক। তাঁর অগ্রাধিকার ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব খেলা। দ্য হানড্রেড ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত না খেলার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
ব্রুকের মতে, ফিট থেকে ইংল্যান্ডের হয়ে যতটা সম্ভব খেলাই তাঁর মূল লক্ষ্য। ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপের সময়ে এই সিদ্ধান্ত তাঁকে দুই ফরম্যাটে নিয়মিত থাকার সুযোগ দিচ্ছে।
তবে শুধু নিয়মিত খেললেই তো দুই সংস্করণে সাফল্য পাওয়া যায় না। ব্রুকের কীর্তির আসল জায়গাটাও এখানেই—টেস্টের ধৈর্যের ক্রিকেট হোক কিংবা টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটিং, দুই ক্ষেত্রেই নিজেকে বিশ্বের সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ইংল্যান্ডের এই তারকা।















