২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? মরিনিওর পছন্দ মাদ্রিদ, মরক্কোর সঙ্গে চলছে লড়াই
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? মরিনিওর পছন্দ মাদ্রিদ, মরক্কোর সঙ্গে চলছে লড়াই
২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? মরিনিওর পছন্দ মাদ্রিদ, মরক্কোর সঙ্গে চলছে লড়াই
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে জোর আলোচনা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই আসরের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ফাইনাল আয়োজনের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্পেনের মাদ্রিদ ও মরক্কোর প্রস্তাবিত নতুন স্টেডিয়াম।
শুক্রবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিওকে প্রশ্ন করা হয়—তিনি বিশ্বকাপের ফাইনাল কোথায় দেখতে চান?
পর্তুগালের নাগরিক মরিনিও মজা করে প্রথমে বলেন, ‘আমি চাই লিসবনে হোক।’ এরপর অবশ্য হাসি থামিয়ে বাস্তবতার কথা তুলে ধরেন তিনি।
মরিনিও বলেন, ‘ফাইনালটি কোথায় হওয়া উচিত আর আমি কোথায় দেখতে চাই—দুটি ভিন্ন বিষয়। আমাকে মাফ করবেন (হাসি), আমি চাই লিসবনে হোক।’
এরপর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নিজের মত জানিয়ে রিয়াল কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নয়, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার উত্তর হলো—যদি আপনার এমন একটি ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার সুযোগ থাকে, যেখানে বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়রা খেলেছেন, তাহলে ফাইনাল মাদ্রিদেই হওয়া উচিত।’
মরিনিও আরও পরিষ্কার করে দিয়েছেন, তাঁর এই মত রিয়ালের কোচ হওয়ার কারণে নয়। তিনি বলেন, ‘আমি বেনফিকার কোচ হলেও একই কথা বলতাম।’
ফাইনাল নিয়ে মাদ্রিদ–মরক্কো লড়াই
২০৩০ বিশ্বকাপের মূল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচও আয়োজন করা হবে। ফলে মোট ছয়টি দেশে বিশ্বকাপের ম্যাচ হবে।
তবে ফাইনাল নিয়ে মূল লড়াইটা স্পেন ও মরক্কোর মধ্যে। এত দিন ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউ। প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে আধুনিকায়নের পর রিয়ালের ঐতিহাসিক এই স্টেডিয়াম বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ আয়োজনের অন্যতম প্রধান দাবিদার।
অন্যদিকে, মরক্কোও ফাইনাল আয়োজনের জন্য বড় পরিকল্পনা করছে। কাসাব্লাংকার উপকণ্ঠে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে ‘কিং হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। অত্যাধুনিক এই স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। নির্মিত হলে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হবে।
মূল তিন আয়োজক দেশের মধ্যে স্পেন ও মরক্কো ফাইনাল আয়োজনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনাল মরক্কোতেই অনুষ্ঠিত হবে। তাঁর এই বক্তব্যের পর স্পেনে শুরু হয়েছে প্রতিবাদ ও বিতর্ক।
এখনও চূড়ান্ত ভেন্যু নির্ধারিত হয়নি। তবে একদিকে ঐতিহ্য ও আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ সান্তিয়াগো বের্নাবেউ, অন্যদিকে বিশাল ধারণক্ষমতার প্রস্তাবিত কিং হাসান দ্বিতীয় স্টেডিয়াম—২০৩০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে এই লড়াই যে আরও জমবে, তা বলাই যায়।
আর এই বিতর্কে মরিনিওর ব্যক্তিগত পছন্দ অবশ্য পরিষ্কার—পর্তুগিজ হিসেবে তাঁর হৃদয় লিসবনে থাকলেও, বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য তাঁর পছন্দ মাদ্রিদের ঐতিহাসিক বের্নাবেউ।












