মাঠ থেকে মালিকানায়, যে ক্রিকেট তারকারা এখন নিজেরাই ফ্র্যাঞ্চাইজির মালিক
- 1
বায়ার্নেই থাকতে চান হ্যারি কেইন, নতুন চুক্তির পথে বড় অগ্রগতি
- 2
রোনালদোর মতো ৪১ বছর পর্যন্ত ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে
- 3
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 4
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 5
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের

মাঠ থেকে মালিকানায়, যে ক্রিকেট তারকারা এখন নিজেরাই ফ্র্যাঞ্চাইজির মালিক
মাঠ থেকে মালিকানায়, যে ক্রিকেট তারকারা এখন নিজেরাই ফ্র্যাঞ্চাইজির মালিক
একসময় ক্রিকেটারদের ক্যারিয়ারের স্বাভাবিক পথ ছিল মাঠ থেকে অবসর নিয়ে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনে যাওয়া। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদের অনেকেই শুধু মাঠে খেলছেন না, মাঠের বাইরেও দলের মালিকানায় যুক্ত হচ্ছেন।
এর সবচেয়ে বড় উদাহরণ দেখা যাচ্ছে ইউরোপে। নতুন ইউরোপিয়ান টি-টুয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) দলগুলোর মালিকানার তালিকায় সাবেক ক্রিকেটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো।
ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় আছেন ডাবলিন গার্ডিয়ানের মালিকানায়। দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, ফাফ ডু প্লেসি ও হাইনরিখ ক্লাসেন মিলে গড়েছেন রটারডাম ডকারস। এর মধ্যে ডু প্লেসি শুধু মালিকই নন, দলটির অধিনায়কও। অর্থাৎ মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাঠের বাইরেও তিনি দলের মালিকদের একজন।
ইটিপিএল অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর তুলনায় কাঠামোগতভাবেও কিছুটা আলাদা। বিপিএল, আইপিএল, পিএসএল বা সিপিএলের মতো লিগগুলো সাধারণত একটি ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হলেও ইটিপিএলে সংশ্লিষ্ট রয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। তবে প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ভারতীয় ব্যবসায়ীদের একটি গ্রুপ, যার সামনের সারির মুখ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। প্রথম মৌসুমে ইউরোপের ছয়টি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছে এই লিগ।
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন দুই ভূমিকায়। বেলফাস্ট উলভসের সহমালিক হওয়ার পাশাপাশি দলটির অধিনায়কও তিনি।
অস্ট্রেলিয়ার আরেক সাবেক তারকা ম্যাথু হেইডেনের ভূমিকাও বেশ বিস্তৃত। গ্লাসগো কসমিকের মালিক হওয়ার পাশাপাশি দলটির প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম আছেন এডিনবরা ক্যাসল রকারসের মালিকানায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ রয়েছেন আমস্টারডাম ফ্লেমসের মালিকানায়।
ক্রিকেটারদের দল মালিকানার এই যাত্রা অবশ্য শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয়। ভারতেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে সাবেক ক্রিকেটারদের সম্পর্ক এখন আর ডাগআউট কিংবা ধারাভাষ্যকক্ষের মধ্যে আটকে নেই।
সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান যুক্ত হয়েছেন দিল্লি প্রিমিয়ার লিগের সাউথ দিল্লি সুপারস্টারসের মালিকানায়। কেরালা ক্রিকেট লিগে মালিকের ভূমিকায় রয়েছেন সাবেক ভারতীয় পেসার এস শ্রীশান্ত। তিনি অ্যারিস কোলাম সেইলরসের সহমালিক।
একই ধারায় ফ্র্যাঞ্চাইজি মালিকানায় যুক্ত হয়েছেন ক্যারিবীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা ক্রিস গেইল। কোচি ব্লু টাইগার্সের সহমালিক ও মেন্টর তিনি। যে ব্যাটসম্যান একসময় টি-টুয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন, এখন তিনিই একটি টি-টুয়েন্টি দলের মালিকানার অংশ।
আর সাবেক ভারতীয় পেসার জহির খানের ফ্র্যাঞ্চাইজি মালিকানার পরিধি আরও বিস্তৃত। লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনা কিংসের মালিকানা গ্রুপে স্টকহোমভিত্তিক অ্যাংকর স্পোর্টস এবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। একই অ্যাংকর স্পোর্টস কানাডার সুপার৬০ লিগের দল ভ্যাঙ্কুভার অ্যাংকরসেরও মালিক। ফলে জহির দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার সঙ্গেই যুক্ত।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের তথ্যমতে, ভ্যাঙ্কুভার অ্যাংকরসের মালিকানায় জহিরের সঙ্গে রয়েছেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংও।
সব মিলিয়ে ক্রিকেটে তৈরি হচ্ছে নতুন এক বাস্তবতা। একসময় যাঁদের হাতে ছিল ব্যাট-বল, যাঁরা মাঠে দলকে নেতৃত্ব দিয়েছেন কিংবা গুরুত্বপূর্ণ ক্যাচ ধরে ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন, তাঁদের অনেকেই এখন মাঠের বাইরে বসে দলের ভবিষ্যৎ পরিকল্পনা করছেন।
কাকে দলে নেওয়া হবে, কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, দল কীভাবে গড়ে উঠবে কিংবা ফ্র্যাঞ্চাইজির ব্যবসা কোন পথে এগোবে—এসব সিদ্ধান্তেও এখন সাবেক ক্রিকেট তারকাদের ভূমিকা দেখা যাচ্ছে।
ক্রিকেটার থেকে দলের মালিক—এই পরিবর্তন আর ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। টি-টুয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দ্রুত বিস্তারের সঙ্গে সাবেক ক্রিকেটারদের সামনে খুলে গেছে নতুন এক দরজা। ইউরোপ থেকে ভারত, শ্রীলঙ্কা থেকে কানাডা—ক্রিকেটের নতুন বাজারে একের পর এক তারকা এখন মালিকানার ভূমিকায় নিজেদের নতুন পরিচয় তৈরি করছেন।















